Responsive Ads for Rent
Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

Saturday, 12 October 2019

আবরার ও রাষ্ট্রের বিবেক

 
 সাহাব এনাম খান
‘আবরার’– এই নামটি এখন আর কোনও সাধারণ নাম নয়। আবরারকে বর্তমান সময়ের বাংলাদেশের রূঢ়, ক্ষয়িষ্ণু সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার একটি প্রতীকী নাম হিসেবেই আমি দেখি। আবরারের মৃত্যু আমাদের বিস্মিত করে না, শুধু মনে করিয়ে দেয় আমাদের সৃষ্টি করা অমানবিক, অসহিষ্ণু সমাজের কথা। আবরারের মৃত্যুতে তার পিতামাতার বেদনার কিছুটা হয়তো বা তার সহপাঠী, বন্ধু, আর শিক্ষকরা অনুভব করতে পারবেন, এর বাইরে যারা তার মৃত্যুর জন্য দায়ী এবং সেই দায়ী ব্যক্তিদের যারা পৃষ্ঠপোষক তারা কিছু অনুভব করেন কিনা আমার জানা নেই। দুর্ভাগ্যজনক হলেও সত্য, তারাই এই রাষ্ট্রের মানবিক মূল্যবোধকে নিয়ন্ত্রণ করেন। একজন শিক্ষক হিসেবে তার মৃত্যু আমাকেও স্পর্শ করে এবং এ মৃত্যুর দায় আমার মতে কোনও শিক্ষকই এড়িয়ে যেতে পারেন না।
A
A
আবরার হয়তো একদিন বড় প্রকৌশলী হতে পারতো, হয়তো বা সরকারের বড় পদস্থ হতে পারতো, হয়তো বা শুধু একজন ভালো মানুষ হিসেবেই সমাজ গঠনে ভূমিকা রেখে যেত। ফেসবুকে তার বাংলাদেশ-ভারতকে নিয়ে চিন্তা আমাদের যুবসমাজের মুক্তচিন্তাভিত্তিক গণতন্ত্রের প্রতি আগ্রহরই প্রকাশ। এত অল্প বয়সে রাষ্ট্রের নীতি নিয়ে তার চিন্তার বিস্তার আমাদের মুগ্ধ করেছে। তার মতের সঙ্গে সবার মিল থাকতে হবে এমন কোনও আইন বা সাংবিধানিক বাধা রাষ্ট্র দেয় না। তার হত্যাকারীরা হয়তো বাকিদের বাকস্বাধীনতা রোধের ইঙ্গিত দিতে চেয়েছে। এটি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী বর্তমান অবস্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল। আমি মনে করিয়ে দিতে চাই, প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ যত ওপরে ওঠে, তত ভদ্র হতে হয়, হাম্বল হতে হয়। আর আমাদের হয় উল্টোটা। এটা হয় তখনই, যখন হঠাৎ করে পয়সার জোরে নিচ থেকে অনেক ওপরে যায়, তখন তারা ভাবে ‘মুই কী হনুরে’। সমাজের এই জায়গাটায় একটি আঘাত দেওয়ার প্রয়োজন ছিল। অসৎ উপায়ে অর্জিত অর্থের বাহাদুরি, সে সম্পদের শো-অফ করা, আর যারা সৎপথে চলবে, তারা একেবারে মরে থাকবে, এটা তো হতে পারে না।’
A
তবে এটা পরিষ্কার, আমি যে সমাজে বসবাস করি এবং যে রাজনৈতিক সংস্কৃতির অংশ, সেই সমাজ বা রাজনীতি আবরারের মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হলো তা পূরণ করার ক্ষমতা রাখে না। তোষামোদকারী ছাড়া কারোরই এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। তাই বিষয়টিকে অযথা রাজনৈতিক বক্তব্য দিয়ে ভিন্নখাতে নিয়ে যাওয়ার অবকাশ নেই।
A
বাংলাদেশের ছাত্র আন্দোলনের গৌরবোজ্জ্বল ভূমিকা ১৯৫২ সাল থেকে শুরু করে ১৯৯০ সাল পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ছাত্র আন্দোলনগুলোতে তো সর্বসাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছিলেন, তাই সাধারণ মানুষ-ই ছাত্র নেতৃত্বকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। ভেবে দেখার সময় এসেছে আদতে সাধারণ মানুষ এই ছাত্র রাজনীতিতে কতটুকু ভরসা রাখেন এবং পিতামাতা যারা তাদের সন্তানকে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াতে পাঠান তারা কতটুকু নিশ্চিন্ত থাকেন। তাছাড়া তৎকালীন সময়ে অসাধারণ মেধাবী শিক্ষকরা যথাযথ জ্ঞান বিতরণ ও শিক্ষার পরিবেশের মাধ্যমে এই আন্দোলনগুলোর জন্য যোগ্য নেতৃত্ব এবং মেধাবী কর্মী তৈরি করে দিয়েছিলেন। এর সুফল এই জাতি পেয়েছে।
A
দুর্ভাগ্যজনক হলেও, নব্বইয়ের দশকের পরবর্তীতে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখার মতো গঠনমূলক কাজের উদাহরণ সাংগঠনিক দলগুলো দিতে পারবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। যোগ্যতাসম্পন্ন ছাত্রকেন্দ্রিক রাজনৈতিক অঙ্গসংগঠনগুলোর নৈতিক অবক্ষয় এবং এর প্রাসঙ্গিকতার অভাব বাংলাদেশের মানুষ অনেক দিন ধরেই অনুভব করছেন। তাই, ছাত্রলীগ বা যুবলীগের মতো ঐতিহাসিক অঙ্গসংগঠনগুলোর ‘সন্ত্রাসী প্রতিষ্ঠান’ হিসেবে আখ্যা পাওয়ার আগেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ইতিহাসের পাতায় শুধু কালো আর লাল কালির দাগই পাওয়া এখন যায়।
A
২০০২ সালে শামসুন্নাহার হলে পুলিশি হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারউল্লাহ চৌধুরী সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। অধ্যাপক চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে বেশি শিক্ষার্থীদের সমাগম ঘটে। ২০১২ সালে শিক্ষক নিয়োগে অনিয়ম, ছাত্রলীগের অঞ্চলভিত্তিক অংশকে মদত, বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করতে বাধ্য হন। সে সময়ে ছাত্রলীগ নেতাদের হামলায় সংগঠনটির অন্য অংশের কর্মী ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ নিহত হওয়ার পরে এর বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। ২০১৩ সালের শাহবাগ আন্দোলনটি শুরু হয়েছিল সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণের এক অভূতপূর্ব সম্মিলনে। এই আন্দোলনের মধ্যে যখন বিভিন্ন দলের রাজনৈতিক স্বার্থবাদী কর্মকাণ্ডের প্রতিফলন ঘটা শুরু করে তখন এই আন্দোলনটি নিয়ে অনেকের মনে প্রশ্নও তৈরি করে।
A
নিরাপদ সড়কের জন্য যৌক্তিক আন্দোলন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভ্যাটের বিরুদ্ধে আন্দোলন, অথবা কোটা সংস্কার আন্দোলনের প্রত্যেকটিতেই ছিল সাধারণ ছাত্রছাত্রীদের অংশগ্রহণ। সাংগঠনিক রাজনীতির যথার্থ ভূমিকা এখানে খুঁজে পাওয়াটা দুষ্কর। এসব আন্দোলন এতটাই সরল ছিল, যা শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনিক দক্ষতার মাধ্যমে মিটিয়ে ফেলা যেত। স্বভাবতই প্রশ্ন আসে, এখানে বল প্রয়োগ করার মতো অবস্থায় না নিয়ে যাওয়ার মতো রাজনৈতিক দূরদর্শিতা বা প্রশাসনিক দক্ষতা কি ছিল না?
A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে জুবায়েরের মৃত্যুতে আমাদের রাজনৈতিক চেতনায় যেমন কিছুই শিখিনি তেমনি বাংলাদেশের গর্ব বুয়েটের ছাত্র আবরারের মৃত্যু থেকেও আমাদের রাজনৈতিক চেতনায় খুব বেশি পরিবর্তন আসবে বলে আশা করি না। নিশ্চিতভাবেই এই মৃত্যুকে কেন্দ্র করে অনেক জ্ঞানগর্ভ আলোচনা, উপদেশ বাণী, ব্যাপক পরিবর্তনের আশ্বাস, শিক্ষাব্যবস্থার দুর্গতিতে অতীতে কার কী ভূমিকা ছিল, এমনকি যারা এ ধরনের রাজনীতিকে সমর্থন দিয়ে আসছেন তাদের কাছ থেকেও বিস্তর আশার কথা আমরা শুনবো। এতে মূল অবস্থার পরিবর্তন হবে না, তবে কিছু কসমেটিক লেভেলের আইনি এবং এডহক রাজনৈতিক সমাধান আমরা দেখবো। এর মানে হলো, শিক্ষাঙ্গনে পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক রিফর্ম এবং ছাত্র রাজনীতির ব্যাপক সংস্কার করার মতো টেকসই রাজনৈতিক পরিকল্পনা এবং প্রশাসনিক দক্ষতার প্রতিফলন ঘটানোর মতো প্রয়োজনীয় রাজনৈতিক নিষ্ঠার অভাব আছে।
A
জনগণের ট্যাক্সের টাকায় যাদের আইন প্রয়োগ এবং প্রণয়নের দায়িত্ব দেওয়া হয় তারা আদতে প্রধানমন্ত্রীকে কতটুকু বাস্তবসম্মত সহায়তা করেন তা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। প্রতিটি সাধারণ নাগরিক বিষয়েই যদি সরকারের সর্বোচ্চ ব্যক্তির এবং রাষ্ট্রের হাইকোর্টের নির্দেশনার প্রয়োজন হয় তবে দায়িত্বপ্রাপ্ত রাজনীতিবিদ বা সরকারি কর্মচারীদের যোগ্যতা ও নিষ্ঠা নিয়ে ভেবে দেখা দরকার। দুই জন ছাত্রলীগ নেতার অপসারণ যে যথেষ্ট নয় তা আবরারের মৃত্যুই প্রমাণ করে।
A
যুবলীগ সভাপতির বয়স পত্রপত্রিকা অনুযায়ী ৭০-এর ওপরে এবং তাদের অনৈতিক কার্যক্রমের পরিধি সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক প্রবীণ রাজনীতিবিদকে হতাশ এবং বিস্মিত করেছে। এর পেছনে মূলত দুটি কারণ দায়ী। প্রথমটি হলো তোষামোদ, অনৈতিক আর্থিক সুবিধা আদায় ও বল প্রয়োগের রাজনীতি। তোষামোদি বাংলাদেশের রাজনীতিতে একটি বড় দুর্বলতার জায়গা। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক ও ছাত্র রাজনীতি অনেকটাই তোষামোদ কেন্দ্রিক। এর সাথে যুক্ত হয়েছে কিছু আনুগত্যপ্রবণ ‘বুদ্ধিজীবী’ ও ‘মিডিয়া’ শ্রেণি, যারা বিভিন্নভাবে কলুষিত ছাত্র রাজনীতিকে পরোক্ষ বা প্রত্যক্ষ মদত দিয়ে আসছেন। এটা আরও ভয়ঙ্কর। এরা ভুলকে সত্য হিসেবে প্রতিষ্ঠার জন্য জনগণকে বিভ্রান্ত করেন এবং অনেক ক্ষেত্রেই সত্য গোপন করেন। এটাকে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বলা যায়।
A
দ্বিতীয়টি হলো রাজনীতির দুর্বৃত্তায়নে বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবহারের নির্লজ্জ প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় ভোট ব্যাংক তৈরি করার জন্য অনেক সময় শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়, এবং হালে তো আমরা দেখছিই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলোর কার্যকলাপের নমুনা। এদের কার্যকলাপের সঙ্গে বা নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সংখ্যাগুরু শিক্ষক কোনও অবস্থাতেই যুক্ত থাকেন না। এই ভোট ব্যাংকের উদ্দেশ্যটাই হলো যৌক্তিক ছাত্র আন্দোলনকে বা শিক্ষকদের ডিসেন্ট দেওয়ার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা। অতীত ইতিহাসে সরকার পরিবর্তন, রাজনৈতিক মেরুকরণ, বলাই বাহুল্য বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মতো মহান কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়গুলোর অসামান্য ভূমিকা যেকোনও রাজনৈতিক দলের জন্যই নব্বই পরবর্তী দশকে হুমকি হিসেবে দেখা দেয়। ফলে, একশ্রেণির শিক্ষক দুর্নীতি এবং ক্ষমতাপরায়ণ আমলা-রাজনীতিবিদের সাথে যুক্ত হয়ে দুষ্টুচক্র সৃষ্টি করেন। বিচারহীনতার সংস্কৃতি বিষয়টিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। জুবায়ের এবং আবরারের মৃত্যু দুষ্টচক্রের কার্যকলাপেরই ছোট একটি উদাহরণ মাত্র।
A
অতি উৎসাহী দলীয়করণে সাময়িকভাবে কোনও একটি দল হয়তো বা লাভবান হয় কিন্তু দীর্ঘমেয়াদে সরকার বিব্রতকর অবস্থায় পড়ে, রাষ্ট্রের প্রতি জনগণের আস্থার অভাব ঘটে, এবং সিভিল ও সামাজিক আনরেস্টের দিকে সমাজ ধাবিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি অনুধাবন করেছেন বলেই ব্যাপক আকারে শুদ্ধি অভিযান বাংলাদেশে চলছে। বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী সমাজ, টকশোতে দলীয় তোষামোদকারীদেরও এ শুদ্ধি প্রক্রিয়ার আওতায় আনা উচিত। গঠনমূলক সমালোচনা সকলের জন্যই মঙ্গল কিন্তু বিভ্রান্তিকর তথ্য এবং যুক্তি অমঙ্গলই ঘটায়।
A
ওপরের দুটো বিষয়ই বাংলাদেশের ছাত্র রাজনীতির অগ্রগতির গতি-প্রকৃতি ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির প্রক্রিয়াকে ভীষণভাবে বাধাগ্রস্ত করে। যে পর্যন্ত বাংলাদেশের মূল রাজনৈতিক দলগুলোর মধ্যে শুদ্ধি অভিযান সম্পূর্ণ না হবে এবং তোষামোদ ও শক্তিকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে মেধাভিত্তিক রাজনীতির প্রবর্তন না হবে, সে পর্যন্ত ছাত্র রাজনীতি নিয়ে আশান্বিত হওয়ার কিছু নেই। বড় বিশ্ববিদ্যালয়গুলোর রাজনীতির বাইরে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতির পরিবেশ আরও বেদনাবহ।
A
এই বাস্তবতায় দুটি বিকল্প চিন্তা পাবলিক প্ল্যাটফর্মে আলোচনা করা যেতে পারে। প্রথমটি হলো, বুয়েটের ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্মতা পোষণ করা। কারণ, বুয়েটের শিক্ষার্থীরা প্রশাসনিক পরিবর্তন ও সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন। বুয়েটের মতোই অন্যান্য বিশ্ববিদ্যালয়েও হলে হলে ত্রাসের রাজনীতি কায়েম করে রাখা হয়। তাই বর্তমান বাস্তবতার নিরিখে প্রধানমন্ত্রীর শুরু করা শুদ্ধি অভিযান চলাকালে সাংগঠনিক লেজুড়ভিত্তিক রাজনীতি সাময়িকভাবে স্থগিত রাখা শ্রেয়। বিএনপি-জামায়াত বা অন্যান্য রাজনৈতিক দলগুলো এই সুযোগে হল ও বিশ্ববিদ্যালয় দখল করবে, অতীতে ছাত্রলীগ মার খেয়েছে ইত্যাদি অতি ব্যবহৃত যুক্তিগুলোর সামাজিক আপিল অনেক আগেই হ্রাস পেয়েছে। অথবা ১৫ বছর আগের বিএনপি যে নির্যাতন করেছিল তা নিয়ে তুলনা করে যুক্তি দেওয়া হয়। বিএনপি বা শিবির সন্ত্রাস করেছিল বলেই ২০০৮ সালে মানুষ এই সরকারকে নির্বাচিত করে। ছাত্রলীগ বিএনপি বা শিবির যা করেছিল সেটার পুনরাবৃত্তি করবে সেই ম্যান্ডেট মানুষ সরকারকে দেয়নি। এটা মনে রাখা দরকার।
A
রাজনৈতিক বাস্তবতা হলো বাংলাদেশের জনগণ উগ্র ডানপন্থী রাজনৈতিক দলগুলোকে বর্জন করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান সুস্পষ্টভাবেই দুর্বল। এহেন বাস্তবতায় অচল যুক্তি দিয়ে সন্ত্রাসকে পরোক্ষ প্রশ্রয় দেওয়ার অপচেষ্টা ও সাধারণ মানুষকে বিরক্ত করার প্রবণতা বন্ধ করা প্রয়োজন। এ ধরনের যুক্তি সাধারণ মানুষের সাধারণ বোধকে আহত করে। বরং অনেক গবেষণায় দেখা গেছে রাজনৈতিক দমন-পীড়ন এবং মত প্রকাশের বাধা যুব সমাজের একটি অংশকে ধর্মীয় উগ্রবাদের দিকে ঠেলে দেয়। যারা রেডিক্যালাইজেশন বা এক্সট্রিমিজম বা ক্রিমিনাল সাইকোলজি নিয়ে কাজ করেন তারা বলতে পারবেন রাজনৈতিক নিগ্রহ এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আতঙ্কজনক পরিবেশের কারণে অনেক শিক্ষার্থীই উগ্রপন্থী মতাদর্শে বা বিকল্প আদর্শের দিকে ঝুঁকে পড়েছে।
A
সাংগঠনিক রাজনীতি যদি উগ্রবাদের পরিবেশকে তৈরি করে দেয় তাহলে রাজনৈতিক উন্নয়ন হবে কী করে? বিষয়টা সরাসরি সামাজিক স্থিতিশীলতা এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত। র্যাাব বা সিটিটিসিইউ’র সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদবিরোধী অভিযানগুলোতে যেসব যুবক আটক হয়েছে বা যারা সম্পৃক্ত বলে ধারণা করা হয় তাদের অনেকেই শিক্ষিত। আইন প্রয়োগকারী সংস্থা, জুডিশিয়ারি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যোগ্য মানবসম্পদের মাধ্যমে স্বাধীনভাবে কাজ করতে দিলে এ ধরনের অনেক সমস্যার সমাধান হবে।
A
দ্বিতীয় বিকল্পটি হলো, সাংগঠনিক রাজনীতির ওপর থেকে সরাসরি দলীয় সহায়তা তুলে নিয়ে তাদের সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতামূলক নৈতিক রাজনীতি করার পথ করে দেওয়া। একই সঙ্গে সাধারণ ছাত্রছাত্রীদের নিজেদের রাজনৈতিক ভাবনা ও মত প্রকাশের স্বাধীন প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া দরকার। এর জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন ও মিডিয়াকে উৎসাহিত করা প্রয়োজন। পুরনো ধ্যান-ধারণা থেকে বের হয়ে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঢেলে সাজানো এবং ছাত্রছাত্রীদের নির্ভীকভাবে মুক্ত রাজনৈতিক চর্চার ক্ষেত্র তৈরি করার জন্য উন্মুক্ত রাজনীতির ব্যবস্থা বেশি কার্যকর হবে। এক্ষেত্রে সরকারকে শুধু মেধাভিত্তিক শিক্ষকদের সহায়তায় এই ব্যবস্থাটি করা প্রয়োজন।
A
শিক্ষার্থীরা কোন দলকে এবং নীতিকে ধারণ করবেন সেটা তাদের ওপরেই ছেড়ে দেওয়া ভালো। জোর করে অর্পণ করা আত্মঘাতী হয়ে দাঁড়ায়। এটাই আমরা দেখছি। এখানে উল্লেখ্য, আবরারের মৃত্যুর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্ক ও জাতীয় স্বার্থও জড়িয়ে গেছে। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের ইতিহাসে আমরা এটা কখনও দেখিনি। সাধারণ ছাত্রছাত্রীদের অতি সাধারণ দাবিগুলোর মধ্যে আমরা আমাদের অযোগ্যতা ঢাকার ও স্বার্থরক্ষার জন্য ষড়যন্ত্রের মন্ত্র খুঁজে বেড়াই। এই ষড়যন্ত্র তত্ত্বের সংস্কৃতি থেকে বের আসার সময় এখন। ষড়যন্ত্রের মন্ত্র না খুঁজে বরং বুয়েটের মেধাবী শিক্ষার্থী বা শিক্ষকদের দাবির ওপর আস্থা রাখা দরকার। কারণ, এদের বেশিরভাগই দেশের সেরা মেধাবী সন্তান। তাই বিবেকের কাছে দায়বদ্ধ থেকে শিক্ষার্থীদের মুক্তচিন্তার জায়গা করে দেয়া এখন সময়ের প্রয়োজন। এ বিষয়টি আমরা যত তাড়াতাড়ি অনুধাবন করবো ততই মঙ্গল। অন্যথায় আমি মোমবাতি হাতে শুধু অন্ধকার দেখি।
A
লেখক: অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

কাঠগড়ায় রাজনীতি!


  রেজানুর রহমান
সারাদেশে এখন একটাই খবর—সম্রাট গ্রেফতার হয়েছেন। স্বস্তিকর খবর হলো—সম্রাটেরাও শেষ পর্যন্ত গ্রেফতার হন। সম্রাট। নামের মতো প্রভাব-প্রতিপত্তিতেও তিনি সম্রাট ছিলেন। গ্রেফতারের পর সম্রাটকে ঘিরে যে ধরনের কেচ্ছা-কাহিনি প্রকাশ হচ্ছে, তা যেন রূপকথার গল্পকেও হার মানায়। তিনি করেছেন রাজনীতি। কিন্তু সেটা ছিল তার প্রভাব-প্রতিপত্তি গড়ে তোলার পাশাপাশি অন্ধকার জগতের সম্রাট হওয়ার একমাত্র খুঁটি। রাজনীতিকে তিনি অন্যায় ও অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার করেছেন। খোঁজ নিলে দেখা যাবে, শুধু সম্রাটই নন, রাজনীতিকে আরও অনেকেই স্রেফ ব্যবসা ও প্রভাব-প্রতিপত্তি গড়ে তোলার বাহন হিসেবে ব্যবহার করেছেন এবং এখনও করছেন। এমন আরও তথ্য হয়তো মিলবে। যে কারণে ‘রাজনীতি’ শব্দটিই যেন এখন কাঠগড়ার অপরাধী। অথচ এই রাজনীতিই প্রিয় মাতৃভূমির স্বাধীনতা এনে দিয়েছিল।
A
প্রিয় পাঠক, একটু খেয়াল করলেই দেখবেন, মারাত্মক অপরাধ এমনকি খুন করার পরও যদি কেউ গ্রেফতার হন, তাকে বা তাদের নির্দোষ প্রমাণ করার জন্য পরিবারের লোকেরা উঠেপড়ে লেগে যান। শ্রদ্ধাভাজন আইনজীবীদের মধ্যেও অনেকে অপরাধীর পক্ষেই সাফাই গাইতে শুরু করেন। আইনের মারপ্যাঁচে পড়ে খুনের মামলার আসামিও অনেক সময় বেকসুর খালাস পেয়ে যায়।
এই প্রথম দেখলাম একজন অপরাধীর পরিবারেরই একজন গুরুত্বপূর্ণ সদস্য অপরাধীর সাজা চেয়েছেন। সম্রাটের দ্বিতীয় স্ত্রী শারমিন বলেছেন, ‘আমার স্বামী যদি অপরাধ করে থাকে তাহলে তার সাজা হওয়া উচিত। প্রসঙ্গক্রমে শারমিন বলেছেন, এখন যুগ পাল্টেছে। বিনে পয়সায় এখন আর কেউ মিছিলে আসে না। সম্রাট যা আয় করতো, তার একটা বড় অংশ মিছিলে লোক আনার জন্য খরচ করতো।’
শারমিন চৌধুরীর এই বক্তব্যের প্রেক্ষিতে অনেকে হয়তো সম্রাটের প্রতি অনুকম্পা দেখাতে চাইবেন। এক্ষেত্রে নানাজনের নানান মত থাকতেই পারে। কিন্তু একথা তো সত্য, সম্রাট রাজনীতিকে তার স্বার্থে ব্যবহার করেছেন। একসময় হয়তো মিছিল মিটিংয়ে লোক জড়ো করেই দলের নেতাদের সুনজরে পড়ে যান এবং এই ‘সুনজরকেই’ পুঁজি বানিয়ে আজকের সম্রাটে পরিণত হন। শুধু সম্রাটই নন, মিছিল-মিটিংয়ে বেশি বেশি লোক আনতে পারার যোগ্যতায় আজ অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা হয়ে গেছেন। যদিও এখন আর সেই সুযোগ নেই। কারণ দেশে এখন আর মিছিল মিটিংয়ের তেমন একটা দরকার পড়ে না।
প্রিয় পাঠক, একটা চমকপ্রদ তথ্য দেই আপনাদের। আপনি সভা অথবা সেমিনার করবেন। দর্শক দরকার? ফেল কড়ি মাখো তেল। টাকা দিলেই দর্শক পেয়ে যাবেন। জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় প্রতিদিন কোনও না কোনও রাজনৈতিক দল অথবা সংগঠনের সভা-সমাবেশ লেগেই থাকে। হাততালি দেওয়ার জন্য লোক দরকার? চিন্তার কোনও কারণ নেই। প্রেস ক্লাবের সামনে গেলেই উপযুক্ত লোক পেয়ে যাবেন। শুধু আওয়াজ দেবেন, অডিয়েন্স চাই। দেখবেন একসঙ্গে একাধিক ব্যক্তি এসে হাজির হবেন। শুধু বলবেন আপনার কতজন অডিয়েন্স দরকার। অবশ্য সভা-সমাবেশের আকার-প্রকারভেদে জনপ্রতি অডিয়েন্সের ভাড়া নির্ধারিত হয়। রাস্তার সমাবেশের ভাড়া এক ধরনের। সেমিনারে যোগ দেওয়ার ভাড়া অন্য ধরনের। আর যদি সেমিনারে খাবারের প্যাকেট পাওয়ার নিশ্চয়তা থাকে, তাহলে জনপ্রতি ভাড়ার পরিমাণ কমে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ‘জোগানদার’ বললেন, “এখন আর সেই দিন নেই। দেশের পরিস্থিতি ভালো। তাই এখন আর তেমন মিছিল মিটিং হয় না। একপর্যায়ে গর্বের ভঙ্গিতে বললেন, এখন যারা বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতা তাদের অনেককেই আমি ‘অডিয়েন্স’ সাপ্লাই দিছি। মিছিল মিটিংয়ে লোক ভাড়া কইর্যা আনছি। এখনও মাঝে মাঝে অনেক নেতা আমার কাছে সংবাদ পাঠায়। মিছিল মিটিংয়ের জন্য ‘অডিয়েন্স’ চায়। সাধ্যমতো জোগাড় কইর্যা দেই। তবে মানুষ এখন অনেক চালাক হইয়া গেছে। সরকারি দলের মিছিল মিটিং হইলে ভাড়া বেশি চায়।”
জোগানদার পরিচয়ের এই লোকটিকে প্রশ্ন করেছিলাম, মিছিল মিটিংয়ে লোক ভাড়া করতে হয় কেন? দলকে যারা ভালোবাসে তারা তো এমনিতেই মিছিল মিটিংয়ে আসার কথা। তারা কি আসে না?
জোগানদার লোকটি মৃদু হেসে বলল, “সেই দিন আর এখন নাই। টাকা ছাড়া কেউ এক পাও আগায় না। ভাই, ছোট মুখে একটা বড় কথা বলি। এখন অনেকেই আদর্শের জন্য রাজনীতি করে না। পাওয়ারের জন্য রাজনীতি করে। আপনার রাজনৈতিক পাওয়ার আছে। চিন্তার কিছু নাই। চাঁদার টাকা এমনিতেই হাতে আসবে। গ্রামে-গঞ্জে গেলে দেখবেন রাস্তার দুই ধারে শুধু স্থানীয় নেতাদেরই ছবি। ডিজিটাল যুগ। নিজের চেহারাসহ ব্যানার ফেস্টুন বানানো খুবই সহজ। কিন্তু রাজনৈতিক আদর্শের ‘আ’ সম্পর্কেও অনেকের কোনও ধারণা নাই। রাজনীতিতে যুক্ত থাকলেই একটা পাওয়ার পাওয়া যাবে। এবং সেই পাওয়ারের আশায় ছুটছে অনেকে। তাদের অনেকেরই আইডল সম্রাটের মতো নেতারা।”
কুমিল্লার চৌদ্দগ্রামে সম্রাটকে গ্রেফতার করার পর যখন তাকে ঢাকায় কাকরাইলে তার অফিসে নিয়ে আসা হয়, তখন গোটা এলাকায় উৎসুখ মানুষের ভিড় দেখা দেয়। তাদের মধ্যে অনেকেই ছিল সম্রাটের অনুগত কর্মী। বিভিন্ন টিভি চ্যানেলে তাদের অনেকের প্রতিক্রিয়া শুনে যারপরনাই অবাক হয়েছি। একজন তো সম্রাটকে মহান নেতা বানিয়ে দিয়ে বলল, ‘ভাই কিন্তু সাধারণ মানুষের অনেক উপকার করতেন।’ তার মানে ঘটনা কী দাঁড়ালো? ঈদ অথবা এ ধরনের কোনও অনুষ্ঠান উপলক্ষে ৫০-১০০ অসহায় মানুষের হাতে সাহায্য তুলে দেওয়া মানেই কি ভালো কাজ করা? সম্রাট মাঝে মাঝে এভাবে দুস্থ মানুষকে সাহায্য করতেন। শুধু সম্রাটই নন, তার মতো আরও যারা আছেন তারাও এভাবে দুস্থ মানুষকে সাহায্য করেন। কেন করেন? এটাও এক ধরনের রাজনীতি। সাধারণ মানুষ যাতে মনে করে আহা নেতা কত ভালো! কিন্তু ভেতরে ভেতরে এ ধরনের নেতারা যে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠেন, সেটা অনেকেই জানে না। সম্রাট গ্রেফতার না হলে হয়তো তার সম্পর্কেও এত কথা জানা হতো না।
প্রচার মাধ্যমেই জানলাম মালয়েশিয়ায় সম্রাটের একজন বান্ধবী আছে। শুধু তার জন্মদিন পালন করার জন্য দেড় কোটি টাকা দিয়ে একটি প্রমোদতরী ভাড়া করেছিলেন সম্রাট। সিন্ডলিং নামের ওই মালয়েশিয়ান তরুণীর জন্মদিনের পার্টিতে সম্রাটসহ অবৈধ ক্যাসিনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তার অন্যান্য বন্ধুর হাস্যোজ্জ্বল মুখের একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই যে সম্রাটরা রাজনৈতিক পরিচয়ে এতটা ভয়ংকর হয়ে উঠলেন, তার জন্য দায়ী কে? গুটিকয়েক বিপথগামী তথাকথিত নেতার কারণে রাজনীতির মতো অতি প্রিয় শব্দটি যে কাঠগড়ায় দাঁড়াল, তার দায়ভার কার?
লেখক: কথাসাহিত্যিক, নাট্যকার, সম্পাদক আনন্দ আলো

ছাত্ররাজনীতি কতটা বাঞ্ছনীয়?


 সৈয়দ ইশতিয়াক রেজাঃঃ
সহিংসতার জন্য যুক্তি লাগে না, লাগে কেবল একটি উপলক্ষ। বুয়েটের ছাত্র আবরার ফাহাদের ফেসবুক পোস্ট ছিল একটি উপলক্ষ মাত্র, আগের বহু ঘটনার মতোই এই ঘটনায়ও আমরা বুঝতে পারছি, আমাদের ছাত্ররাজনীতি কেবল নিষ্ঠুরতা আর হিংসার পাঠ দেয়, সেটা যে বিদ্যাপীঠই হোক না কেন। এবং আমাদের রাজনীতি এই শিক্ষাও দেয়, যেকোনোভাবেই হোক একটি পর্যায়ে গিয়ে খুনিদের পেছনে একটি গোষ্ঠীর সমর্থন থাকছে এবং থাকবে।
A
‘বেরিয়ে আসছে নির্যাতনের রোমহর্ষক সব ঘটনা’—এই শিরোনামে মঙ্গলবার প্রথম পাতায় দৈনিক সমকাল একটি প্রতিবেদন করেছে। রিপোর্টার লিখেছে, বুয়েটের হলে হলে এক শ্রেণির ছাত্রলীগ নেতার নির্যাতন সেল আছে এবং সেগুলোয় এ পর্যন্ত ঘটেছে শত শত নির্যাতনের ঘটনা। আবরার হত্যার পর ঘটনা সামনে এলো কেবল। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব জেনেও নীরবে মেনে নিয়েছে, যেমন করে উপাচার্য তার ছাত্রের জানাজায় না এসে নীরব থেকেছেন নিজ বাড়িতে।
A
কিছু কিছু ঘটনায় হৃদয় যেভাবে সাড়া দেয়, মস্তিষ্ক তাতে ষোলো আনা সায় দিতে পারে না, প্রশ্ন তোলে। জানি এবং মানি, ছাত্ররাজনীতি যারা করে সবাই সমান নয়। কিন্তু একথা কি সবাই মানি, বিদ্বেষের রাজনীতি প্রচারের যে তুমুল ও বহুমুখী প্রচেষ্টা চলছে, তার প্রধান লক্ষ্য দেশের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। নানাভাবে, নানা দিক থেকে এই রাজনীতি তাদের দখল নিতে চায়। যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনও সেই সর্বগ্রাসী তৎপরতার কাছে আত্মসমর্পণ করেনি বলে আমরা জানতাম, তার অন্যতম বুয়েট। কিন্তু আমরা ভুল জানতাম।
রাজনীতি যে ক্রমেই বিপরীত মতকে গণতান্ত্রিক পরিসর ছাড়তে ব্যর্থ হচ্ছে, তা আরও একবার প্রমাণিত হলো। আবরারের একটি ফেসবুক স্ট্যাটাসের জন্য পাল্টা যুক্তি না দেখিয়ে তাকে টানা সাত ঘণ্টা নির্যাতন করে হত্যা করা হয়েছে। এবং এরা কতটা নির্দয় আর নিষ্ঠুর হলে, খুন করে এসে আরাম করে, ঠান্ডা মাথায় টিভিতে ফুটবল খেলা দেখতে পারে!
আমাদের একটা স্বাভাবিক প্রত্যাশা থাকে, যারা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি করেন, শিক্ষক বা ছাত্র, অন্যদের তুলনায় তাদের রাজনীতিতে চিন্তার প্রসারতা তুলনামূলক বেশি থাকবে, কারণ শিক্ষার মূল উদ্দেশ্য মনকে প্রসারিত করা। এমন একটি প্রত্যাশার প্রেক্ষিতে বুয়েটের আবরার ফাহাদ হত্যাকে দেখলে আমাদের আর কোনও আশার জায়গা থাকে না। কারও মতামত পছন্দ না হতে পারে, কিন্তু তাকে বলবার সুযোগই দেওয়া যাবে না, এই উগ্রতা সমাজের অগ্রতার প্রশ্নে প্রাণঘাতী।
ছাত্ররাজনীতি কতটা হিংসাত্মক হয়ে উঠেছে, তার বিপজ্জনক উদাহরণ আবরারের খুন। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের ছাত্ররাজনীতিতে সহিংসতার আধিক্য বহু দিনের। কিন্তু গত কয়েক বছরে দেশের নানা প্রান্তে ক্যাম্পাসে ক্যাম্পাসে যে আতঙ্কের পরিবেশ আমরা দেখছি, তা অভূতপূর্ব। আমরা এতটাই বিভাজিত হয়েছি, পরিস্থিতি যতই অগ্নিগর্ভ হোক, কিছু মানুষের নিকট রাজনৈতিক আনুগত্য বজায় রাখাই অধিকতর জরুরি। তারা বলে চলেছে, যেহেতু পুলিশ খুনিদের আটক করেছে, তাই আন্দোলনের প্রয়োজন নেই, খুনের প্রতিবাদ করার প্রয়োজন নেই।
আজ যা ছাত্রলীগ করছে, আগে তা করেছে ছাত্রদল, শিবির—কম বা বেশি। আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বহু দিন যাবৎ সহিংসতানির্ভর। ইসলামী ছাত্রশিবিরের রগ কাটা থেকে আজকের এই পিটিয়ে হত্যা। কেউ প্রশ্ন করতেই পারেন, এবার হিংস্রতার মাত্রা হয়তো বেড়েছে, কিন্তু তা মাত্রার ফারাক মাত্র, চরিত্রের নয়। এবার নতুন কী হলো? আসলে যা নতুন, তা-ই সর্বাধিক উদ্বেগের। এত দিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারে লড়াই হতো, মারামারি হতো, এখন এক অতি অপরিচিত অরাজনৈতিক ছাত্র নৃশংসভাবে খুন হলেন শুধু একটি ফেসবুক পোস্টের জন্য।
যুবলীগের কিছু নেতার ক্যাসিনো সাম্রাজ্য, ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন ছাত্রলীগ বা যুবলীগ আওয়ামী লীগের কোন কাজে লাগে? প্রধামন্ত্রীর সব ভালো কাজ জনতার দরবারে ম্লান হয়ে যায় এদের কাণ্ডে। বুয়েটের এই ঘটনার পর স্বাভাবিকভাবে পুরো ছাত্ররাজনীতি নিয়েই প্রশ্ন উঠেছে ‘কী প্রয়োজন ছাত্ররাজনীতির?’
খুন, সহিংসতা, হানাহানি আর রাজনীতির সমার্থক হয়ে ওঠা সামাজিক অমঙ্গল। আমরা সাধারণ মানুষেরা সামগ্রিক সচেতনতার দিকে এগিয়ে না গিয়ে স্রোতে ভাসিয়ে দিচ্ছি নিজেদের। আর চারপাশের ব্যবস্থা ক্রমে পরিবর্তন হতে হতে এমন এক পরিস্থিতিতে এসে দাঁড়াচ্ছে, যেখানে বিভিন্ন বিষয়ের শিকার হলেও আমাদের বিরোধিতার সুর একরকম শোনাচ্ছে না। একটি অতি বিভাজিত সমাজে হয়তো এটাই স্বাভাবিক।
দেশের বর্তমান সাংবিধানিক আইন অনুসারে আঠারো বছর বয়স হলেই যেকোনও নাগরিক নির্বাচনে ভোট দেওয়ার অধিকার অর্জন করেন। গণতন্ত্রের ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের মতামতের মূল্য সমান। সেই বিবেচনায় রাজনীতি ছাত্র-ছাত্রীরা করবেই। কিন্তু কী সেই রাজনীতি? পশ্চিমা সমাজে ছাত্রছাত্রীরা যথেষ্ট রাজনীতি করে। সেখানে রীতিমতো ছাত্র আন্দোলন হয়, ছাত্র ধর্মঘটও হয়। কিন্তু যা হয় না তা হলো ক্যাম্পাসে দলীয় রাজনীতি। আমাদের সমস্যা আমাদের ছাত্রজীবনে দলীয় রাজনীতির ব্যাপক অনুপ্রবেশ। রাজনৈতিক দলের কাছে ছাত্র সংগঠন লেজুড়ে পরিণত হওয়ার কারণে ক্যাম্পাসে দলাদলি, বিশৃঙ্খলা আর হিংসা প্রবলভাবে বেড়েছে, তাতে কোনও সন্দেহ নেই।
ছাত্ররাজনীতিতে দলীয় প্রভাব কমলে সহিংসতা কমবে, চাঁদাবাজির সংস্কৃতি বন্ধ হবে, আধিপত্যের লড়াই কমবে। দিনে দিনে বড় হয়ে ওঠা সমস্যার চটজলদি সমাধান নেই, কিন্তু একটা রাজনৈতিক দলের কোনও অঙ্গ বা সহযোগী সংগঠন থাকবে না, আর এমন একটা উদ্যোগ সরকার নিতে পারে এখনই।
লেখক: প্রধান সম্পাদক, জিটিভি ও সারাবাংলা

রাজনীতি ও রসবোধ


 রাশেক রহমান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে বাংলাদেশের রাজনীতি হয়ে উঠেছিল প্রায় অন্তঃসারশূন্য। সেই গতানুগতিক ধারা পরিবর্তনের সূচনা ঘটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে আসার পরে। রাজনীতিতে তিনি ফিরিয়ে আনেন একজন প্রকৃত রাজনীতিবিদের দর্শন। ইংরেজ রাষ্ট্রনায়ক, নোবেল পুরস্কার বিজয়ী স্যার উইনস্টন চার্চিল বলেছিলেন রাজনীতিবিদের পরবর্তী দিন, সপ্তাহ, মাস ও বছরের ভবিষ্যৎ নিয়ে দূরদর্শিতা থাকা প্রয়োজন। একই সঙ্গে সেই ক্ষমতা থাকাও প্রয়োজন যিনি কোনও কিছুর ব্যত্যয় ঘটলে তার কারণ বলতে পারবেন। শুধু দূরদর্শিতায় নয় বরং বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যাওয়া রাজনৈতিক রসবোধও ফিরিয়ে এনেছেন আমাদের প্রধানমন্ত্রী। সম্প্রতি ভারত সফরে তিনি একজন রাষ্ট্রপ্রধান হিসেবে যে বলিষ্ঠ বক্তব্য রেখেছেন তাতে দেখা যায় তার রসবোধ অনেক বার্তা পৌঁছে দিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কাছেও।
A
সম্প্রতি বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ে যে আলোচনার ঝড় ওঠে তা নিয়ে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে আইসিটি মৌর্য হোটেলের কামাল মহল হলে আয়োজিত ভারত-বাংলাদেশ বিজনেস ফোরামের (আইবিবিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে যেভাবে কথা বলেন, সেটাতে অনেকে ভাবতে পারেন উনি হয়তো রসবোধ থেকেই বলছেন। তিনি তার বক্তব্যের মাঝে হঠাৎ করেই হিন্দিতে বলা শুরু করেন, ‘পেঁয়াজ মে থোড়া দিক্কত হো গিয়া হামারে লিয়ে। মুঝে মালুম নেহি, কিউ আপনে পেঁয়াজ বন্ধ কার দিয়া! ম্যায়নে কুক কো বোল দিয়া, আব সে খানা মে পেঁয়াজ বান্ধ কারদো (পেঁয়াজ নিয়ে একটু সমস্যায় পড়ে গেছি আমরা। আমি জানি না, কেন আপনারা পেঁয়াজ বন্ধ করে দিলেন। আমি রাঁধুনিকে বলে দিয়েছি, এখন থেকে রান্নায় পেঁয়াজ বন্ধ করে দাও)।’ একই সঙ্গে তিনি বলেন, ‘ভারত রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর পেঁয়াজের দাম বেড়ে যায়, আর তাতে সমস্যায় পড়ে বাংলাদেশ। ভারত এই নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশকে আগে জানালে, ঢাকা অন্য কোনও দেশ থেকে পেঁয়াজ আনার ব্যবস্থা করে নিতো।’
A
A
বক্তব্যে তিনি এমনভাবে বিষয়টা উপস্থাপন করেন যেখানে ফুটে ওঠে সমস্যার মূল কারণ। আমার সৌভাগ্য হয়েছিল এবার সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে যাওয়ার এবং সামনে থেকেই এই বক্তব্য শোনার। প্রধানমন্ত্রীর এমন রসিকতাকে দর্শকরা করতালি দিয়ে স্বাগত জানান। আর রসবোধ নাড়িয়ে তোলে দিল্লির মসনদকেও। এর পরেই আমরা দেখি বাংলাদেশের স্থলবন্দর দিয়ে ভারতের পেঁয়াজ প্রবেশ করার বিষয়টি এবং একই সঙ্গে বাজারে স্থিতিশীলতা আসার ব্যাপারও।
A
১৯৪৮ সালে ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়াকে সাময়িকভাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়। প্রখ্যাত রাজনীতিবিদ জ্যোতি বসু তখন কমিউনিস্ট পার্টি একজন তরুণ রাজনীতিবিদ ছিলেন। তার বিরুদ্ধেও একটি গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই সময়ে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন ডা. শ্রী বিধান চন্দ্র রায়। একজন ভালো বক্তা হিসেবে জ্যোতি বসুকে খুব পছন্দ করতেন ডা. রায়। তিনি জ্যোতি বসুকে ফোন করে বললেন, জ্যোতি তোমার জন্য একটা গাড়ি পাঠাচ্ছি। গাড়ি করে তুমি আমার বাড়ি চলে এসো। এখানে কয়েকদিন থেকো। আমি তো ছোট মাছ খাই, কিন্তু তুমি তো বড় মাছ খেতে ভালোবাসো, যেটা তুমি এখানে পাবে না। তবে ছোট মাছ ও ভাত তোমাকে আমি রোজই খাওয়াবো। এখানেই থেকো কারণ তুমি যদি না আসো তবে পুলিশের একটি ওয়ারেন্ট বের হয়েছে তোমার বিরুদ্ধে এবং সেটা দিয়ে পুলিশ তোমাকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যেতে পারে।
A
এটাকে বলা যেতে পারে এক ধরনের মজা বা রসবোধ। কিন্তু এখানে প্রতিপক্ষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা ও তা বজায় রাখার বিষয়টিও সামনে চলে আসে।
A
শুধু রাজনৈতিক, কূটনৈতিক ক্ষেত্রেই নয় বরং অন্যান্য ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর বক্তব্যেও একদিকে দেখা যায় রসবোধ আর অন্যদিকে দূরদর্শিতা। এবারের ভারত সফরে এশিয়াটিক সোসাইটি অব কলকাতা আমাদের প্রধানমন্ত্রীকে সম্মানসূচক টেগোর পিস অ্যাওয়ার্ড দেয়। সেখানে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান আমলে যখন রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করা হলো তখন তৎকালীন গভর্নর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আবদুল হাই সাহেবকে ডেকে বলেছিলেন আপনারা এতো রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত করেন, নিজেরা একটা দুইটা রবীন্দ্রসঙ্গীত লিখতে পারেন না?’ জবাবে আবদুল হাই সাহেব বলেছিলেন, ‘যদি অন্য কেউ সঙ্গীত লেখেন তবে সেটা রবীন্দ্রসঙ্গীত কীভাবে হবে?’ নিজের বক্তব্যে এভাবেই পাকিস্তান আমলে সংস্কৃতি অঙ্গনে যে স্থবিরতা আনার চেষ্টা করা হয়েছিল তা ফুটিয়ে তোলেন বঙ্গবন্ধু কন্যা। তিনি তার বক্তব্যে প্রায়ই রসবোধের সঙ্গে এমনভাবে বাস্তবতাকে ফুটিয়ে তোলেন, যা ভাবিয়ে তোলে। আর রাজনীতিতে এই হিউমারটা ফিরে আসা খুবই জরুরি। ধ্বংসাত্মক বক্তব্য, কর্মকাণ্ড আর যাই হোক, রাজনীতিতে কখনও গঠনমূলক কিছু গড়তে পারে না। আর সেক্ষেত্রে এমন রসবোধ জন্ম দেয় এক নতুন ধারার রাজনীতি, যার নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পৃথিবীর বিখ্যাত সব রাজনীতিবিদ যারা বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা করেছেন, তাদের সবার মাঝেই রসবোধ, হিউমার খুঁজে পাওয়া যায়। আমার নেত্রীও ভীষণ বুদ্ধিদীপ্ত এবং বাস্তববাদী একজন রাজনীতিবিদ। আর তাই তো তিনি এখন শুধু বাংলাদেশেই নয়, বিশ্ব রাজনীতিতেও একজন জীবন্ত কিংবদন্তি।
A
লেখক: রাজনীতিবিদ

ভিন্নমত ও মুক্তিযুদ্ধের চেতনা।

 
 মো. আবুসালেহ সেকেন্দার
ডিসেম্বর-মার্চ এলেই আমরা মুক্তিযুদ্ধের চেতনায় গদ গদ করি। যদিও প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা কী সেই বিষয়টি মনে-প্রাণে ধারণ করাতো দূরের কথা, একটু বুঝতেও চেষ্টা করি না। ‘মুক্তিযুদ্ধের চেতনা ভেতরে ধারণ করতে চাইলে ধান্দাবাজি করা যাবে না সেই বিষয়টি অবশ্য জানি! তাই যে যা বলুক ভাই বাইরেই কেবল মুক্তিযুদ্ধের চেতনার ধারণকারী হতে চাই!’– এমন চেতনাধারীতে এখন দেশ ভরে গেছে। আর এই কথিত চেতনাধারীরাই তাদের স্বার্থবিরোধী সত্য কথা বললেই যাকে-তাকে রাজাকার, জামায়াত, শিবির অভিধায় অভিহিত করে হয়রানি করছে। বুয়েটের ছাত্র আবরারের মতো পিটিয়ে মেরে ফেলছে। যদিও সব শুদ্ধ মতের মানুষের নিরাপদ আবাসভূমি প্রতিষ্ঠাই ছিল মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই মুক্তিযুদ্ধের অন্যতম শর্ত।
A
পাকিস্তানিদের মতো সত্য কথা প্রকাশকারীদের দেশবিরোধী-ইসলামবিরোধী অভিহিত করাটা আর যাই হোক মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। তবে সাম্প্রতিক সময়ে মনে হয়, আমরা মুক্তিযুদ্ধের চেতনা দূরে ঠেলে দিয়ে পাকিস্তানি চেতনায় ফিরে যাচ্ছি। তাই ভিন্নমতাবলম্বীদের দমনে পাকিস্তানিদের কৌশল অবলম্বন করে যাকে-তাকে স্বাধীনতাবিরোধী, রাজাকার, জামায়াত, শিবির অথবা ইসলাম ধর্মবিরোধী, নাস্তিক ইত্যাদি বলছি।
১৯৪৭ সালে দেশ বিভাগের পর পাকিস্তানি শাসকগোষ্ঠী তাদের সমালোচনাকারীদের ‘ভারতের চর’ অথবা ‘নাস্তিক’ উপাধি দিয়ে দেশ ছাড়ার সব বন্দোবস্ত করে। যারা জন্মভূমির মায়ায় এদেশ ছেড়ে যেতে চায়নি, তাদের ওপর নেমে এসেছিল জুলুম-নির্যাতন-নিপীড়ন। জেলের অন্ধকার কারাগার হয়েছিল তাদের ঠিকানা। এক্ষেত্রে বুদ্ধিজীবীরা ছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর চোখের বালি। বাঙালিদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়াকে সমর্থন করলেই মোহাম্মদ আলী জিন্নাহ ও ইয়াহিয়া গংদের দৃষ্টিতে বুদ্ধিজীবীদের হতে হয়েছিল ধর্মদ্রোহী অথবা ভারতের দালাল। ১৯৭১ সালে পাকিস্তানি শাসকগোষ্ঠী ও তাদের এ দেশীয় সহযোগী আল-বদর, আল-শামস, রাজাকাররা বাঙালি নিধনকে বৈধতা দিতেও এ তত্ত্ব ব্যবহার করে। তারা প্রচার করে, ‘ইসলাম ধর্মকে রক্ষা ও ভারতের দালালকে প্রতিহত করতেই তাদের এই অভিযান।’ ১৯৭১ সালে প্রকাশিত সংগ্রাম পত্রিকার পাতায় পাতায় তৎকালীন বদর বাহিনী নেতাদের বক্তৃতা-বিবৃতিতে বিষয়টি স্পষ্ট।
ভিন্নমতাবলম্বীদের মতকে যুক্তি নয়, অস্ত্রের মাধ্যমে মোকাবিলা করার পাকিস্তানি মানসিকতা স্বাধীন বাংলাদেশেও দেখা যায়। সামরিক শাসনামলে ভিন্নমত বা পথের মানুষ হওয়ার কারণে গোপনে বহু সামরিক- বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশে বুদ্ধিজীবীদের হত্যা করা না হলেও নানাভাবে হয়রানি করা হয়েছে। হামলা-মামলার বহু ঘটনা ঘটেছে। সত্য বলায় বারবার বাধা সৃষ্টি করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার দাবি করায় শহীদ জননী জাহানারা ইমামের মতো মহীয়সী নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আওয়ামী লীগ শাসনামলে যে অবস্থার খুব পরিবর্তন হয়েছে তা বলা যাচ্ছে না। কেউ আওয়ামী লীগ ও সরকারের সমালোচনা করলেই তাকে রাজাকার, স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ইত্যাদি বলে দমানোর চেষ্টা করা হচ্ছে। শুধু মতের পার্থক্য থাকায় অনেককে নিষিদ্ধ করা হয়েছে শহীদ মিনারে। অথচ পাকিস্তানি শাসকগোষ্ঠীর ভিন্নমত সহজে গ্রহণ না করার ফলই আজকের শহীদ মিনার, স্বাধীন বাংলাদেশ। আজ আমরা সেই স্বাধীন বাংলাদেশেই ভিন্নমতকে যুক্তির মাধ্যমে নয়, শক্তির মাধ্যমে প্রতিহতের চেষ্টা করছি। প্রশ্ন হতে পারে, তাহলে আমরা চিন্তাচেতনায় কি সেই পাকিস্তানের দিকেই ফেরত যাচ্ছি?
আমরা ব্যক্তিগতভাবে অনেকের সব মতের সঙ্গে সর্বক্ষেত্রে একমত নাও হতে পারি। তবে এই মতভিন্নতার কারণে যারা তাদের শহীদ মিনারে নিষিদ্ধ করছে অথবা রাজাকার, জামায়াত, শিবির বলে পিটিয়ে হত্যা করছে, হামলা মামলা দিয়ে হয়রানি করছে, তাদেরও সমর্থক নই। ফরাসি দার্শনিক ভলতেয়ারের ভাষায় বলতে চাই: ‘আমি তোমার মত মানি না, কিন্তু তুমি যাতে অবাধে বলতে পার, তার জন্য আমি নিজের প্রাণ অবধি বিসর্জন দিতে প্রস্তুত।’ এটা শুধু ভলতেয়ারের কথা নয়; আমাদের মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনাও বটে।
সরকারের অন্যায় কাজের বিরুদ্ধে কথা বললেই সেটি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে যায় না। রাষ্ট্র ও সরকার আলাদা দুটি সত্তা। ১৯৪৭ থেকে ৭১ (যুক্তফ্রন্ট সরকারের সময়ে বাদে) দেশপ্রেমিক রাজনীতিকরা পাকিস্তানি শাসনগোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। শিক্ষক, সাংবাদিক তথা বুদ্ধিজীবীরা সত্য কথা বলেছিলেন। আর এই রুখে দাঁড়ানোর কারণ ছিল গণতন্ত্রহীনতা। আজ দেশ যদি সেই গণতন্ত্রহীনতার পথে হাঁটে, আর কেউ গণতন্ত্রের পক্ষে কথা বলেন, তবে তিনি মুক্তিযুদ্ধের চেতনার শত্রু নয়, বরং প্রকৃত বন্ধু।
আজ যারা দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে কথা বলছেন তাদের রাজাকার বলে গালি দেওয়া, শহীদ মিনারে নিষিদ্ধ করা; আর যাই হোক মুক্তিযুদ্ধের চেতনা নয়। তবে হ্যাঁ, কেউ যদি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে। কিন্তু রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র আর সরকারের সমালোচনা করা এক বিষয় নয়। সরকারের সমালোচনা করলেই এখন তাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ভিন্নমত দমনের এই প্রতিক্রিয়া থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। পরিশেষে, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসীদের উচিত হবে কাউকে রাজাকার, জামায়াত, শিবির, দেশবিরোধী বলার আগে তার অবস্থানকে বা বক্তব্যকে দলীয় দৃষ্টিকোণ থেকে না দেখে মুক্তিযুদ্ধের চেতনার দৃষ্টিাকোণ থেকে বিচার করা। কেউ সত্য বললে তা মেনে নেওয়া। বিশ্বকবির ভাষায়: ভালো মন্দ যাহাই আসকু/সত্যেরে লও সহজে।
লেখক: সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ-ভারতের চুক্তিগুলো নিয়ে কিছু প্রাসঙ্গিক তথ্য


 ড. সেলিম মাহমুদঃঃ 
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে যারা আজ মায়াকান্না করছেন, তাদের উদ্দেশে কিছু কথা বলতে চাই। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ পুরোপুরি তিন দিক থেকে ভারতের সীমানা দ্বারা পরিবেষ্টিত। অনেক ক্ষেত্রে আমাদের দুই দেশের অভিন্ন স্বার্থ রয়েছে। বাংলাদেশ-ভারতের মোট সীমানা ৪ হাজার ১৫৬ কিলোমিটার, যা পৃথিবীর পঞ্চম দীর্ঘ স্থল সীমানা। এই দীর্ঘ সীমানা সম্বলিত নিকটতম প্রতিবেশী হওয়ার কারণে দুই দেশের মধ্যে বেশ কিছু পারস্পরিক নির্ভরশীলতার বিষয় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ ধরনের ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের অনেক স্বার্থসংশ্লিষ্ট বিষয় প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পৃক্ত। এই স্বার্থ আদায়ের একমাত্র পথই হচ্ছে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি সম্পাদন। পৃথিবীর সব সভ্য ও উন্নত দেশ তাদের প্রতিবেশী দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে নিজেদের স্বার্থ সংরক্ষণ করেছে। ইউরোপের রাষ্ট্রগুলো তাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে অসংখ্য চুক্তি করেছে।
A
বাংলাদেশ-ভারতের চুক্তিগুলো
বাংলাদেশ ও ভারতের সঙ্গে এ যাবৎ ৯১টি চুক্তি/সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু সরকারের সময় মোট ১১টি চুক্তি হয়েছিল, যার সবকটিই বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের জন্য করা হয়েছিল। পঁচাত্তর পরবর্তী তিন সরকারের সময় অর্থাৎ জেনারেল জিয়া, জেনারেল এরশাদ ও খালেদা জিয়ার তিন সরকার মিলে সর্বমোট তিনটি চুক্তি করতে সক্ষম হয়েছিল। ৫ মে ১৯৭৮ তারিখে বিমান চলাচল সম্পর্কিত একটি চুক্তি হয়। ২০ ডিসেম্বর ১৯৮০ তারিখে দুই দেশের ব্যবসায়ী সমিতিগুলোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তারপর ৩১ জুলাই ১৯৯১ তারিখে দুই দেশের মধ্যে বৈজ্ঞানিক ও কারিগরি বিষয়ে সহযোগিতা সম্পর্কিত চুক্তি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উদ্যোগে ভারতের সঙ্গে মোট ৭৭টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলোর প্রায় সবকটিই বাংলাদেশের স্বার্থে করা হয়েছিল।
আপনাদের মনে আছে, বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পাদিত পঁচিশ বছরের ফ্রেন্ডশিপ চুক্তিকে ‘গোলামি চুক্তি’ বলে অপপ্রচার করেছিল পঁচাত্তর পরবর্তী অবৈধ সরকারগুলো ও তাদের উচ্ছিষ্টভোগী কিছু নীতিভ্রষ্ট বুদ্ধিজীবী। অথচ জাতীয় স্বার্থ সংরক্ষণ ও মর্যাদার সুরক্ষা বিবেচনায় জাতির পিতার সরকারের সঙ্গে ভারত সরকারের এই চুক্তি ছিল পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম চুক্তি। এই চুক্তির মাধ্যমেই মাত্র তিন মাসের মাথায় ভারত বাংলাদেশ থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছিল। পৃথিবীর প্রাচীন যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত কোনও অঞ্চলে যুদ্ধপরবর্তী সময়ে এভাবে সৈন্য প্রত্যাহারের ঘটনা ঘটেনি। প্রকৃত অর্থে, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতাকে টেকসই করার ক্ষেত্রে এই চুক্তির বিশেষ ভূমিকা ছিল। মহলবিশেষ এতো বছর এটিকে একটি ‘গোলামি চুক্তি’ হিসেবে অপপ্রচার করলেও এই চুক্তির বারোটি (১২) অনুচ্ছেদের প্রতিটি অনুচ্ছেদই ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিচায়ক ও বাংলাদেশের স্বার্থের অনুকূলে। ভৌগোলিক সীমারেখা বিবেচনায় প্রতিবেশী কোনও ছোট রাষ্ট্রের সঙ্গে বৃহৎ কোনও রাষ্ট্রের এই ধরনের আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ চুক্তি পৃথিবীর ইতিহাসে বিরল।
বাংলাদেশ-ভারত দুই দেশের স্বার্থ সম্পর্কিত বিষয়গুলোর বহুমাত্রিক দিক রয়েছে। দুই দেশের সম্পর্ককে একটি দীর্ঘ পথপরিক্রমা বলা যেতে পারে। একটি বা দুইটি চুক্তির মাধ্যমেই এই সম্পর্কের পূর্ণতা বা সার্বিকতা মূল্যায়ন করা যায় না। দুয়েকটি ছাড়া দ্বিপাক্ষিক প্রায় সব চুক্তিতেই বাংলাদেশের স্বার্থ বেশি প্রাধান্য পেয়েছে। ইতোপূর্বে ভারতের সঙ্গে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে নদী সংক্রান্ত মোট পাঁচটি চুক্তি হয়েছিল। এর মধ্যে নদীর পানি বণ্টনের চুক্তি হয়েছিল মাত্র দুটি, যার একটি বাংলাদেশের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে করা হয়েছিল ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর।
ফেনী নদীর পানি ব্যবহার সম্পর্কিত চুক্তি প্রসঙ্গে
এই সফরে পানি বণ্টনের যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, সেটি কনভেনশনাল পানি বণ্টন চুক্তি নয়। ত্রিপুরার সাব্রুম শহরের জন্য খাবার পানি হিসেবে ফেনী নদীর মোট পানি প্রবাহের মাত্র ১ দশমিক ৮২ কিউসেক পানি প্রত্যাহার করা হবে, যা ফেনী নদীর শুষ্ক মৌসুমের পানি প্রবাহের মাত্র শূন্য দশমিক ২২ শতাংশ। আমি মনে করি, এই সমঝোতা স্মারক ভবিষ্যতে দুই দেশের মধ্যে যেসব চুক্তি স্বাক্ষরিত হতে পারে, তার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। একটি কথা আমাদের মনে রাখতে হবে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এখন আর ‘zero sum game principle’ কার্যকরী নয়। এর পরিবর্তে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এখন পৃথিবীব্যাপী ‘win-win principle’ কার্যকরী হচ্ছে। ‘zero sum game principle’ এর অর্থ হচ্ছে একজনের কিছু সুবিধা পাওয়াকে অন্য পক্ষের স্বার্থবিরোধী মনে করা হয়। অন্যদিকে, ‘win-win principle’-এর অর্থ হচ্ছে, এক পক্ষ কিছু সুবিধা পেলে অন্য পক্ষ তাতে মন খারাপ না করে তার নিজের স্বার্থটাই দেখা উচিত।
এলপিজি রফতানি প্রসঙ্গে
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় এলপিজি রফতানি নিয়ে যে অপপ্রচার হচ্ছে, সেটা নিয়ে কথা বলা দরকার। আমরা কোনও গ্যাস রফতানি করছি না। বাংলাদেশের দুটি বেসরকারি কোম্পানি বিদেশ থেকে এলপিজি আমদানি করে তার অংশবিশেষ সেখানে রফতানি করবে। আর সেটিও বাংলাদেশের এলপিজির চাহিদা মেটানোর পরই তারা রফতানি করবে। এই এলপিজি আমাদের দেশীয় প্রাকৃতিক গ্যাস কিংবা আমদানিকৃত এলএনজি থেকে উৎপাদিত হচ্ছে না। এটি crude oil থেকে উৎপাদিত আমদানিকৃত এলপিজি। বাংলাদেশের দু’টি কোম্পানির পক্ষ থেকে ভারতে এলপিজি রফতানির বিষয়টি নিঃসন্দেহে অর্থনীতির অগ্রগতির সূচকে বাংলাদেশের জন্য ইতিবাচক হবে। এছাড়া, এলপিজির এই বাণিজ্য বাংলাদশে-ভারত সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে এই জন্য যে, আন্তর্জাতিক সম্পর্কের নীতি অনুযায়ী আন্তঃরাষ্ট্রীয় জ্বালানি বাণিজ্য ভূ-রাজনীতিকে ইতিবাচকভাবে প্রভাবিত করে।
একইভাবে আমাদেরও জ্বালানির জন্য ভারতের ওপর নির্ভরশীলতা রয়েছে। আমাদের দেশের উত্তরাঞ্চলে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন করতে ভারতের নুমালীগড় রিফাইনারির শিলিগুড়ি টার্মিনাল থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত ১৩০ কি.মি. দীর্ঘ ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মাণ করা হচ্ছে। আমাদেরও ভারতের কাছ থেকে জ্বালানি তেল আমদানি করতে হচ্ছে। তাছাড়া, যেই ত্রিপুরার একটি শহরকে ফেনী নদী থেকে আমরা সামান্য খাবার পানি দিচ্ছি, তারা তাদের নিজস্ব গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করে সেই বিদ্যুৎ আমাদের দিচ্ছে। আর গ্যাস রফতানির যে কথা বলা হচ্ছে, সে প্রসঙ্গে কিছু বলা উচিত। গ্যাস রফতানি শেখ হাসিনার সরকার করতে দেয়নি, তাই আওয়ামী লীগকে ষড়যন্ত্রমূলকভাবে নির্বাচনে হারানো হয়েছিল। এই বিষয়ে পরবর্তী অংশে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ঐতিহাসিকভাবে জাতীয় ও আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা প্রতিষ্ঠায় ক্রসবর্ডার বা আন্তঃরাষ্ট্রীয় বিদ্যুৎ ও জ্বালানি বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ায় প্রথম রাষ্ট্রনায়ক যিনি ‘এনার্জি ডিপ্লোমেসি’-কে আন্তর্জাতিক, আঞ্চলিক, উপ-আঞ্চলিক ও দ্বিপাক্ষিক পর্যায়ে প্রধান্য দিয়ে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ভারত থেকে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ আনার জন্য ভেড়ামারায় যে ক্রসবর্ডার ইন্টারকানেকশন স্থাপিত হয়েছে, সেটি বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী ঘটনা। এছাড়া ভারতের ত্রিপুরার সঙ্গে ক্রসবর্ডার ইন্টারকানেকশন স্থাপিত হয়েছে। ইতোমধ্যে দেশের মোট সরবরাহকৃত বিদ্যুতের ৭% (১১৬০ মেগাওয়াট) ভারত থেকে আসছে, যা দেশের উৎপাদিত বিদ্যুতের গড় মূল্যের তুলনায় অনেক সাশ্রয়ী। এছাড়া ভারতের ঝাড়খণ্ড ও ত্রিপুরা থেকে যথাক্রমে ১৪৯৬ ও ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎসহ মোট ১৮৩৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকার আশা করছে, ২০৪১ সাল নাগাদ আন্তঃরাষ্ট্রীয় বিদ্যুৎ বাণিজ্য ও রিজিওনাল গ্রিড থেকে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ পাবে।
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার স্বার্থে শেখ হাসিনার সরকার জলবিদ্যুৎ সক্ষমতা সমৃদ্ধ ভুটান ও নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির কার্যকরী উদ্যোগ গ্রহণ করছে। নেপালের সঙ্গে ইতোমধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভুটানের সঙ্গে চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে। ভুটান ও নেপালের সঙ্গে বাংলাদেশের পৃথক পৃথক বিদ্যুৎ বাণিজ্যে ভারত অংশীদার হিসেবে থাকছে। এই বিদ্যুৎ আমদানিতে ভারতের সহযোগিতা প্রয়োজন। আমাদের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ক্রসবর্ডার বিদ্যুৎ ও জ্বালানি বাণিজ্যের গুরুত্বর্পূণ ভূমিকা রয়েছে। তাই আমাদের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে ভারতের সার্বিক সহযোগিতা দরকার।
গ্যাস নিয়ে বিএনপি-জামায়াত জোট সরকারের দেশবিরোধী নীতি
আজকে আমাদের কেন এলএনজি আমদানি করতে হচ্ছে? বিএনপি-জামায়াত জোট সরকারের ভ্রান্তনীতি ও দেশবিরোধী সিদ্ধান্তের কারণেই আজকে আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করা হচ্ছে। আপনাদের মনে আছে, ২০০৪/২০০৫ সালে মিয়ানমার থেকে স্বল্পমূল্যে পাইপলাইন গ্যাস আমদানির প্রস্তাব ছিল। বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের মধ্যে এ বিষয়ে MOU স্বাক্ষরও হয়েছিল। ওই সময়ে দীর্ঘমেয়াদি পাইপলাইন প্রকল্প থেকে যে পরিমাণ গ্যাস পাওয়ার কথা ছিল, সেটি পাওয়া গেলে আজ আমাদের এভাবে এলএনজি আমদানি করতে হতো না। আরেকটি বিষয় উল্লেখ্য, ওই সময়ে বাংলাদেশ সরকার মিয়ানমারের সঙ্গে দীর্ঘমেয়াদি গ্যাস পাইপলাইন প্রকল্পে অংশগ্রহণ করলে মিয়ানমার পরবর্তীতে রোহিঙ্গা ইস্যুর মতো একটি প্রকট মানবিক সংকট চাপিয়ে দেওয়ার মতো আচরণ আমাদের সঙ্গে করতে পারতো না। কারণ আন্তর্জাতিক সম্পর্কের নীতি অনুযায়ী দীর্ঘমেয়াদি আন্তঃরাষ্ট্রীয় জ্বালানি বাণিজ্য ভূ-রাজনীতিকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। খালেদা জিয়ার সরকার ইচ্ছাকৃতভাবে মিয়ানমার থেকে গ্যাস পাওয়ার সুযোগ হাতছাড়া করলেও ২০০১ সালে নির্বাচনের পর দেশের সীমিত গ্যাস সম্পদ বিদেশে রফতানির উদ্যোগ গ্রহণ করেছিল। কারণ নির্বাচনের পূর্বে গ্যাস রফতানির মুচলেকা দিয়ে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০০ সালে জাতীয় স্বার্থ সমুন্নত রাখার লক্ষ্যে সীমিত জাতীয় সম্পদ গ্যাস রফতানির সিদ্ধান্তের পরিবর্তে দীর্ঘমেয়াদে নিজস্ব ব্যবহারের জন্য গ্যাস মজুতের সিদ্ধান্ত দিয়েছিলেন। দেশের স্বার্থে গৃহীত এই সিদ্ধান্তের কারণেই জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ২০০১ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। পরবর্তী সময়ে ২০০৩ সালের অক্টোবরে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে খালেদা জিয়ার সরকার ইতোপূর্বে তারই গৃহীত গ্যাস রফতানির সিদ্ধান্ত থেকে সরে আসে। অর্থাৎ জাতির পিতা যে গ্যাস সম্পদ আমাদের দিয়ে গিয়েছিলেন, দেশের জ্বালানি নিরাপত্তা তথা সার্বিক উন্নয়নের জন্য সেই সম্পদ রক্ষা করেছিলেন তাঁরই কন্যা শেখ হাসিনা।
লেখক: সমন্বয়কারী, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কার্যালয়; সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ ইশতেহার প্রণয়ন কমিটি, টিম লিডার, বাংলাদেশ আওয়ামী লীগ ডাটাবেজ প্রোগ্রাম

শিক্ষাঙ্গনে সহিংসতা নয় চাই সুষ্ঠু পরিবেশ।

আফতাব চৌধুরী | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম, ইনকিলাব। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদের মা-বাবার বুক খালি। আবরার নেই। গত ৭ অক্টোবর বুয়েটের ছাত্র নামধারী কিছু যুবক আবরারকে নির্মমভাবে হত্যা করে। ইতোমধ্যে তাকে কবরস্থ করা হয়েছে। সে আর কোনদিন ফিরে আসবে না। আর বলবে না মা ভাত দাও, বাবা পড়তে যাচ্ছি ভার্সিটিতে। এ আবদার চিরতরে বন্ধ হয়ে গেল। শোকে কাতর মা-বাবা আর কোনদিন আবরারকে দেখতে পাবেন না। দীর্ঘ ২১-২২টি বছর যাকে লালন পালন করে মানুষ হয়ে গড়ে উঠার জন্য, ভার্সিটিতে পাঠিয়েছিলেন। আশা ছিল, সে উপযুক্ত মানুষ হয়ে জীবনে প্রতিষ্ঠা লাভের মাধ্যমে মা-বাবার মুখ উজ্জ্বল করবে। তা আর হলো না। আবরারকে নিষ্ঠুর নির্মম এবং নির্দয়ভাবে হত্যা করার পর স্বীয় ভার্সিটিসহ দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে হরতাল, ধর্মঘট, বিক্ষোভ, মানববন্ধনসহ প্রতিরোধ গড়ে উঠছে। ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষয়িত্রী, পেশাজীবী সংগঠনসহ সমাজের সকল স্তরের লোকজন এ নির্মম হত্যার বিরুদ্ধে সোচ্চার। তাদের সকলের দাবি নির্মম এ হত্যাকান্ডে যারা জড়িত তাদের দৃষ্ঠান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমরাও একমত। এটা করা না হলে দেশের বিশেষ করে শিক্ষাঙ্গনগুলোতে নৈরাজ্যের সৃষ্টি হবে তাতে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে এবং পরিস্থিতি সামাল দেয়া হবে একটা কঠিন কাজ। ইতোমধ্যে সরাসরিভাবে হত্যাকান্ডের সঙ্গে জড়িত ক’জন ছাত্র নেতাকে গ্রেফতার করা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছেন। প্রশ্ন হচ্ছে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়–য়া ছাত্রদের এ আচরণ আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ভাবর্মযাদাকে দেশে শুধু নয় বিদেশেও মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে তা নিশ্চিত বলা যায়। মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত ছাত্রদের বেপরোয়া মনোভাব এবং ছবি দেখে শুধু দেশের নয় অন্যান্য দেশের মানুষও আমাদের দেশের ছাত্রদের সম্বন্ধে কি ধারণা পোষণ করবে, এটা ভেবে দেখার বিষয়। এতে কি দেশের বাইরে আমাদের ভাবর্মযাদা নষ্ট হচ্ছে না? সচেতন নাগরিক বুদ্ধিজীবী এবং ক্ষমতাসীন সরকারের নেতা-নেত্রীদের এসব ভেবে দেখার বিষয়। দেশের জনসাধারণ ছাত্র রাজনীতির এ নমুনা দেখে বলতে গেলে হতাশ। সাধারণ মানুষও এসব ঘটনায় উদ্বিগ্ন। তারা সব শিক্ষা প্রতিষ্ঠানের সহাবস্থানের মাধ্যমে শিক্ষার সুন্দর পরিবেশ প্রত্যাশা করে। তারা দেখতে চায়, তাদের সন্তানরা নিরাপদে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশ পরিচালনার দায়িত্বে আছে সরকার। আইনশৃংখলা রক্ষার দায়িত্বে আছে বিভিন্ন বাহিনী। কাজেই সন্ত্রাসীদের রশি টেনে ধরার চেষ্টা করে দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই কারো। এসব কর্মকান্ডের দায় দায়িত্ব বর্তাবে বর্তমান সরকারের উপরই। শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতি নিয়ে কথাবার্তা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বাঞ্চনীয় বা বর্জনীয়, এ নিয়ে বিতর্ক মোটেই নতুন নয়। তবে সা¤প্রতিককালে এ বিতর্ক এক ভিন্ন মাত্রা পেয়েছে। একদিকে ছাত্র রাজনীতির বিরুদ্ধাচারীরা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করার পক্ষে সরব, অপরদিকে এর পক্ষাবলম্বীরা ছাত্র রাজনীতির পরিসর বিশ্ববিদ্যালয়-কলেজের গন্ডি ছাড়িয়ে স্কুলস্তর অবধি সম্প্রসারণের পরিকল্পনায় সচেষ্ট। বর্তমান ছাত্র ভবিষ্যতের রাষ্ট্রচালক। সুতরাং রাষ্ট্র চালনার নীতি অর্থাৎ রাজনীতি বিষয়ে সচেতনতা ও জ্ঞানের অনুশীলন ছাত্রাবস্থায় হওয়া আবশ্যক। তাই ছাত্র রাজনীতির অপরিহার্যতা অনস্বীকার্য। রাজনৈতিক ঘটনাস্রোত ও ছাত্রসমাজ এই দুয়ের সংশ্লিষ্টতা অবশ্যই সাম্প্রতিককালের ব্যাপার নয়, ইতিহাস এর সাক্ষ্যবাহক। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এরূপ অনেক উদাহরণ লিপিবদ্ধ আছে। স্বাধীনতা অর্জনের লক্ষ্যে সংঘটিত অনেক আন্দোলনে ছাত্র সমাজের জড়িত হবার ঘটনা সম্পর্কে আমরা অবহিত। ভাষা আন্দোলনে ছাত্রদের সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুরোভাগে থেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন ছাত্রছাত্রীরা। এছাড়া আরো অনেক গঠনমূলক আন্দোলনে ছাত্রছাত্রীদের সক্রিয় ভূমিকা প্রশংসনীয় ছিল। কাজেই ছাত্র রাজনীতি বা ছাত্রছাত্রীদের রাজনৈতিক আন্দোলন-ঘটনাবলীতে জড়িত হওয়া নিন্দনীয় বা সমালোচনার বিষয় হিসেবে গণ্য হওয়া ঠিক নয় যদি তা সঠিক পথে হয়ে থাকে। ছাত্র রাজনীতির সমর্থকদের বক্তব্য, রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক রেখে রাজনীতির পাঠগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির কাজটি করতে হবে ছাত্রাবস্থাতে। রাজনীতিতে অনীহা ছাত্রদের ভবিষ্যৎ রাজনীতিক হবার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে। তাই ছাত্র রাজনীতির আবশ্যকতাকে মোটেই খাটো করে দেখা যাবে না। এ জন্য ছাত্র রাজনীতির পরিসর বিশ্ববিদ্যালয় কলেজের গন্ডি ছাড়িয়ে স্কুলস্তর অবধি প্রসারিত হবার প্রয়োজনীয়তা বোধ করেন এর প্রবক্তারা। তবে স্কুল পর্যন্ত এটিকে নিয়ে আসা উচিত নয়। কারণ স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোতে ব্যাঘাত ঘটবে, তারা বয়সের দিক থেকে অনেক ছোট। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির বাড়বাড়ন্ত লক্ষিত হলে তথাকথিত ছাত্র নেতারা ছাত্রকূলের প্রকৃত হিতার্থে ও শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠনের মানোন্নয়ন ঘটিয়ে সুস্থ শৈক্ষিক পরিবেশ সৃষ্টিতে একেবারে বীতস্পৃহ। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির কদর্যরূপ দীর্ঘদিন ধরে প্রতীত হচ্ছে। স্থানীয় বা জাতীয় স্তরের দলীয় রাজনীতির ক্ষুদ্র সংস্করণ হিসেবে ছাত্র রাজনীতি পরিচিতি লাভ করেছে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির লাগাম এ দেশের রাজনৈতিক দলগুলোর মুঠোয়। কলেজগুলোতে ইউনিয়ন দখলের লড়াইয়ে ছাত্রছাত্রীর নিজস্ব মতামতের চেয়ে দলীয় কর্মী তথা পেশী ও অর্থবলধারীদের প্রত্যক্ষ হস্তক্ষেপ ও দাপট অধিক নির্ণায়ক ভূমিকা পালন করে। এতে ছাত্রস্বার্থ চূড়ান্তরূপে উপেক্ষিত হয় এবং রাজনৈতিক দলগুলো কৌশলে তাদের দলীয় প্রভাব বৃদ্ধির কাজটি সেরে নিতে সক্ষম হয়। রাজনৈতিক দলের ক্যাডার বাহিনী তৈরির কারখানা হয়ে উঠে কলেজগুলো। রাজনৈতিক দলগুলো ছাত্র রাজনীতির সপক্ষে নানা আদর্শবাদ, ছাত্রসমাজে রাজনৈতিক সচেতনতার জাগৃতি তথা তাদের মধ্যে ভবিষ্যতের রাষ্ট্রনেতার গুণাবলীর অনুশীলন ইত্যাদির কথা বলেন, কিন্তু আসল উদ্দেশ্য যে ছাত্রদের মধ্যে নিজ নিজ দলের প্রভাববৃদ্ধি, তা বলার অপেক্ষা রাখে না। এ উদ্দেশ্য চরিতার্থ করতে অর্থের ছড়াছড়ি, মার-দাঙ্গা, অপহরণ, খুনখারাবি কিছুতে আপত্তি নেই তাদের। স্বভাবত ছাত্রনেতা হিসেবে তারা এমন প্রার্থীকে অগ্রাধিকার দেন-যারা উপরোক্ত কর্মকান্ডে সিদ্ধহস্ত বা সামান্য প্ররোচনাতে তা অবলীলাক্রমে করতে সক্ষম। যারা কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার চেয়ে দাদাগিরিকে প্রাধান্য দেয়, তারা ছাত্র রাজনীতির যোগ্যতা অর্জনে বহু যুগ এগিয়ে থাকে। এ ধরনের ব্যাপার প্রায় সর্বত্র ঘটছে। এখন অবধি কূটদলীয় রাজনীতির কুৎসিত অবয়ব দর্শনে শুভবুদ্ধিসম্পন্ন অভিভাবক-নাগরিক শঙ্কিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির অবসান চান। সুশীল কোমলমতি ছাত্রছাত্রীদের দলীয় রাজনীতির সংস্রবমুক্ত রাখা উচিত। তারা বিভিন্ন রাজনৈতিক নেতাদের প্ররোচনায় বিপথগামী হতে পারে। যে ছাত্রজীবন ভবিষ্যতে শিষ্ট নাগরিক হবার গুণাবলী অধ্যয়ন ও আয়ত্বের সময়, সেটা কলুষিত হতে পারে যদি তারা এ অবস্থায় অর্থশক্তি-পেশীশক্তি নির্ভর রাজনীতির পাঠগ্রহণ করে। সর্বোপরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর মধ্যে সৌভ্রাতৃবোধে চিড় ধরিয়ে শৈক্ষিক পরিবেশের মারাত্মক ক্ষতিসাধিত হবে। অবশ্য এখানে উল্লেখ করা প্রয়োজন, এরূপ পরিস্থিতি থেকে সব রাজনৈতিক দল যে সমানভাবে স্বার্থসিদ্ধিতে সমর্থ হবে তা নয়। মূলত ভ্রষ্টাচার আশ্রিত দল এতে সর্বাধিক লাভবান হবে। বর্তমানে দেশের বিভিন্ন কলেজে এ ধরনের ছাত্র রাজনীতি কেন্দ্রিক ইউনিয়নের দখলদারি ও খবরদারি শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য পঠন-পাঠনের ব্যাপারটিকে প্রহসনে পরিণত করছে। কলেজে দলবাজি-ইউনিয়নবাজিতে শতকরা বড়জোর যদি ৫ ভাগ ছাত্র জড়িত থাকে, কিন্তু তাদের দাপট ও দৌরাত্ম্যে বাকি ৯৫ ভাগ ছাত্রের পড়াশোনায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। এর ফলে অনেক ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকার দায়িত্ব পালনে দায়সারা ভাব পরিলক্ষিত হয়। সুশীল ছাত্র ও সচেতন অভিভাবক নোংরা রাজনীতির সংক্রমণ-ক্লিষ্ট শৈক্ষিক পরিবেশ নিয়ে চরম হতাশাগ্রস্থ হন। অর্থ ও বাহুবলে বলীয়ান রাজনৈতিক দলের মদতপুষ্টে ছাত্র রাজনীতিতে অনৈতিকতা, হিংসা, উন্মত্ততা, জবর আধিপত্য বিস্তারের মনোভাব প্রকট হওয়ায় ছাত্র হত্যা-শিক্ষক হত্যার মতো নিকৃষ্ট ঘটনা শিক্ষাঙ্গনের পবিত্রতাকে কালিমালিপ্ত করছে। এ সর্বনাশা ছাত্র রাজনীতি থেকে পরিত্রাণ ও উত্তরণের জন্য ছাত্র রাজনীতির অবসান চাইছেন অনেকে। দেশের বিভিন্ন অঞ্চলে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বিভীষিকাময় রূপ ধারণ করেছে। ছাত্র রাজনীতিকে কালিমালিপ্ত করার জন্য এককভাবে দায়ী শিক্ষা প্রতিষ্ঠানে কদর্য দলীয় রাজনীতির অনুপ্রবেশ। কাজেই যেটা বন্ধ হওয়া দরকার সেটা ছাত্র রাজনীতি নয়, ছাত্র রাজনীতিতে দলীয় রাজনীতির অনুপ্রবেশ। ছাত্র রাজনীতির প্রচলিত ধারণার সংশোধন আবশ্যক। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর মধ্যে সীমিত থাকা আবশ্যক। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি থাকবে, ছাত্ররা নিজেদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা করবে- এতে আপত্তির কিছু থাকতে পারে না। প্রতিযোগিতার মাধ্যমে অন্তর্নিহিত ব্যক্তিত্ব তথা নেতৃত্ব শক্তির বিকাশ ঘটবে যা পরবর্তীতে সমাজ ও রাষ্ট্রচালনায় সহায়ক হবে। এটিকে সার্বিক শিক্ষার এক অঙ্গ হিসেবে বিবেচনা করা যেতে পারে। রাজনীতি শব্দকে সংকীর্ণ অর্থে ব্যাখ্যা না করে তার প্রকৃত অর্থ অনুধাবন করতে হবে। রাজনীতি নিছক কোনো রাজনৈতিক দলের নীতি নয়, রাজনীতি হল রাষ্ট্র পরিচালনার নীতি। কাজেই ছাত্র রাজনীতি দল-নিরপেক্ষ রাজনীতি হওয়া উচিত। এ ক্ষেত্রে সমগ্র ছাত্রসমাজই একটি দল। এ ছাত্রসমাজকে নেতৃত্ব দেয়া ছাত্র নেতার কাজ আর ছাত্রসমাজকে পরিচালনা করার নীতি ছাত্র রাজনীতি। রাষ্ট্র রাজনীতির হাতেখড়ি হবে এ ছাত্র রাজনীতি। কোনো রাজনৈতিক দলের স্তাবকতা বা তল্পিবহন করা ছাত্রসমাজের পক্ষে অমর্যাদাকর ও হানিকর। এটি ছাত্রনেতাদের অন্তর্নিহিত নেতৃত্ব গুণের বিকাশকে স্তিমিত ও বিকৃত করে তাদেরকে রাজনৈতিক নেতাদের ক্রীড়নকে পরিণত করে। রাজনৈতিক নেতারা তাদের ন্যস্ত স্বার্থ চরিতার্থ করতে ছাত্রদেরকে হাতিয়ারস্বরূপ ব্যবহার করেন। কাজেই ছাত্রাবস্থায় সক্রিয় দলীয় রাজনীতিতে সম্পৃক্ত হবার মোটেই ঔচিত্য বা আবশ্যকতা নেই। ছাত্রাবস্থা নেতৃত্ব গুণ অনুশীলন ও অর্জনের সময় দলগত রাজনৈতিক ক্রীয়াশীলতার সময় নয়। শিক্ষা গ্রহণের মাধ্যমে জ্ঞানবৃদ্ধি ও ব্যক্তিদের বিকাশ ঘটিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নীতি-আদর্শের তুলনামূলক বিচার সাপেক্ষে পছন্দের দলে নিজের অন্তর্ভুক্তি কাম্য। এ ধরনের ছাত্র নেতা রাজনৈতিক দলকে সমৃদ্ধ করেন। অপরদিকে, ছাত্রাবস্থায় যারা রাজনৈতিক দলের ক্রীড়নকে পরিণত হয়, তারা ভবিষ্যত জীবনে কখনো সৎ ও দৃঢ় চরিত্রের অধিকারী হতে পারে না। দুর্নীতি দিয়ে যার হাতেখড়ি, সে ভবিষ্যতে চরম দুর্নীতিগ্রস্ত ও দুরাচারী হবে, এটি স্বাভাবিক। এটি যে বর্তমানে আমাদের দেশে রাজনৈতিক অবক্ষয় ও দেউলিয়াপনার এক প্রধান কারণ, তা-ও বলাবাহুল্য। বর্তমানে এ দেশের গরিষ্ঠ সংখ্যক রাজনৈতিক দল বা নেতার চরিত্রে অনুকরণযোগ্য আদর্শের দৈন্যদশা চরমে। রাজনৈতিক নেতৃবৃন্দের চারিত্রিক চরম অবক্ষয় ও ক্রমবর্ধমান শৃঙ্খলাহীনতার প্রতিচ্ছবির বহিঃপ্রকাশ সংসদ থেকে শুরু করে সর্বত্র অতি নগ্নরূপে দৃষ্ট হচ্ছে। এরূপ দলনেতার সংস্রবমুক্ত থাকা ছাত্র সমাজের জন্য কল্যাণকর। ছাত্রস্বার্থ তথা বৃহত্তর শিক্ষার স্বার্থে ছাত্র রাজনীতিকে দলীয় রাজনীতির কবলমুক্ত করার প্রয়াস ও তৎপরতা সা¤প্রতিককালে এক নতুন মাত্রা পেয়েছে। ছাত্র রাজনীতির শুদ্ধীকরণে অগ্রণী ভূমিকা পালনে ভারতের কেরালা বিশ্ববিদ্যালয়ের নাম বিশেষভাবে উল্লেখ্য। এ বিশ্ববিদ্যালয় কয়েক বছর পূর্বে এ মর্মে কিছু সদর্থক পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য ইউনিয়নের সর্বোচ্চ কর্মকর্তা ‘ক্লাস টপার’ বা ‘ফার্স্টবয়’ হবেন; শিক্ষা-সঙ্গীত-খেলাধুলা ও মেধা বিকাশের অন্যান্য বিষয়ে উৎকর্ষ সাধনের প্রয়াস হবে ইউনিয়নের কাজকর্মের বিষয়; দলীয় রাজনীতির হানিকর সংক্রমণ থেকে ইউনিয়নের কাজকর্মকে সম্পূর্ণ মুক্ত রাখতে হবে ইত্যাদি। অবশ্য এরূপ নির্দেশিকাকে বিশ্ববিদ্যালয়ের অনধিকার চর্চা ও অন্যায় ‘ফতোয়া’ আখ্যা দিয়ে বিষয়টি মামলা আকারে সুপ্রিমকোর্টে নীত হয়। মহামান্য সুপ্রিমকোর্ট বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং এ সম্পর্কিত যাবতীয় বিষয় খতিয়ে দেখে পরামর্শ প্রদানের জন্য একটি কমিটি গঠনের আবশ্যকতা অনুভব করেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন নির্বাচনে অর্থ ও বিশ্ববিদ্যালয়ে পেশীশক্তির দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করতে কমিটি গাইডলাইন তৈরি করবে যেখানে বিবেচ্য বিষয়ের মধ্যে থাকবে: নির্বাচনে প্রার্থী হতে গেলে আবশ্যকীয় যোগ্যতা: কী কী কারণে একজন ছাত্র নির্বাচনে প্রচারকার্যে খরচের সর্বোচ্চ পরিমাণ ও তার উৎস; রাজনৈতিক দলের প্রত্যক্ষ মদতপুষ্ট ছাত্রছাত্রীকে নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা ইত্যাদি। এ বিষয় সুপ্রিমকোর্ট বলেছে ‘We have to fix some eligibility criteria for student candidates. It is found that some student leaders go on staying in the same institution not for studies but for some other political reasons.’ উল্লেখ্য, সুপ্রিমকোর্টের নির্দেশানুসারে ভারতের মানবসম্পদ বিকাশ মন্ত্রণালয় অবসৃত মুখ্য নির্বাচন কমিশনার জেএম লিংডো-র নেতৃত্বে এক কমিটি গঠন করে। ছাত্র ইউনিয়ন নির্বাচনের যাবতীয় দিক পর্যালোচনা করে লিংডো কমিটি যে রিপোর্ট জমা করে তার সুপারিশগুলো সুপ্রিমকোর্টের স্বীকৃতি লাভ করে। সুপ্রিমকোর্ট ২২ সেপ্টেম্বর ২০০৬ ইংরেজির এক আদেশে এ সুপারিশগুলোর সত্বর বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে নির্দেশ দেন। লিংডো কমিটির সুপারিশগুলোর মধ্যে প্রধান কিছু এখানে উল্লেখ করা হলো: ১) ছাত্র ইউনিয়নের নির্বাচন এবং ইউনিয়নে প্রতিনিধিত্ব সম্পূর্ণরূপে রাজনৈতিক দল-নিরপেক্ষ হতে হবে। ২) কলেজস্তরে ১৭ থেকে ২২ বছর বয়সসীমার মধ্যকার ছাত্রছাত্রী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে পারবেন। ৩) নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার বছরে প্রার্থীর কোনো ‘অ্যাকাডেমিক এরিয়ার’ থাকতে পারবে না অর্থাৎ পূর্ববর্তী পাঠক্রম সফলভাবে সম্পূর্ণ করে আসা ছাত্রছাত্রীরা নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার জন্য যোগ্য বিবেচিত হবেন। ৪) প্রতিদ্ব›িদ্বতায় ইচ্ছুক ছাত্রের ক্লাসে উপস্থিতির হার বিশ্ববিদ্যালয় নির্ধারিত হার অথবা পঁচাত্তর শতাংশের মধ্যে যেটা অধিক সেটা হতে হবে। ৫) অতীতে যে কোনো ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছাত্রছাত্রী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন। ৬) শুধুমাত্র কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ও পূর্ণকালীন ছাত্রছাত্রী ইউনিয়ন নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে পারবেন। ৭) ইউনিয়ন নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতাকারী প্রার্থীর নির্বাচনী ব্যয়ের পরিমাণ নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। ৮) নির্বাচনী প্রচারে কোনো ধরনের ছাপা পোস্টার, ব্যানার ইত্যাদির ব্যবহার তথা জনসভা নিষিদ্ধ। শুধুমাত্র হাতে লেখা পোস্টারের সীমিত ব্যবহার এবং নিয়ন্ত্রিত প্লাটফর্ম লেকচার অনুমোদনযোগ্য। ৯) পুরো নির্বাচনী প্রক্রিয়া দশ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। ছাত্র রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করার সময় এসেছে আমাদেরও। আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ কর্ণধার। তাদেরকে একটি সুন্দর নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে পরিচালিত করতে হবে। গঠনমূলক কাজে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিতে হবে। তাদের মেধার বিকাশ ঘটাতে হবে। সব সময়ই সুপরামর্শ দিয়ে তাদের লালন করতে হবে। দলীয় রাজনীতির মোহ থেকে ছাত্র-ছাত্রীদের কল্যাণার্থে নিজেদের ভবিষ্যৎ গড়ার কাজে মনোনিবেশে সহায়ক ভূমিকা রাখতে হবে। লেখক: সাংবাদিক ও কলামিস্ট